সব ড্রেন পরিষ্কার করতে মেয়র আতিকুল ইসলামের নির্দেশ
আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনকল্পে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আগামী ১৫ মার্চের মধ্যেই সব ড্রেন পরিষ্কার করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
সোমবার ৩১ জানুয়ারি সকালে গুলশান-২ নগর ভবনের হলরুমে আয়োজিত জলাবদ্ধতা সংক্রান্ত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম এসব কথা বলেন।
মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসির আওতাধীন খাল উদ্ধারে ৪২টি ডেড স্পট চিহ্নিত করা হয়েছে। যেখানে আগে খাল ছিল কিন্তু বর্তমানে এখন আর নেই। তাই জনগণের সহায়তায় খালগুলো উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত রাখা হবে।
মেয়র মো. আতিকুল ইসলাম আরও বলেছেন, সবাই মিলে সবার ঢাকাকে দখল ও দূষণমুক্ত করে সবার বাসযোগ্য সুস্থ, সচল ও আধুনিক ঢাকায় পরিণত করতে হবে আমাদের।