মাত্র ৫০ টাকায় দেখা যাবে ঢাকা টেস্ট
বাংলাদেশ-পাকিস্তান ঢাকা টেস্টের সর্বনিম্ন টিকিটের মূল্য রাখা হয়েছে ৫০ টাকা। মিরপুর ১০ নম্বরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে শুক্রবার (৩ ডিসেম্বর) থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে।
ছবি সংগৃহীত
৫০ টাকায় খেলা দেখা যাবে ইস্টার্ন স্ট্যান্ড থেকে। সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডের টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০ টাকা, ক্লাব হাউজ ২০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৩০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ৫০০ টাকা।
১৮ বছরের ঊর্ধ্বে দুই ডোজ কোভিড টিকা নেওয়া দর্শকেরাই মাঠে ঢুকে খেলা দেখার সুযোগ পাবেন। মাঠে প্রবেশের সময় টিকার সার্টিফিকেট দেখাতে হবে। তবে ১৮ বছরের কম বয়সীদের সার্টিফিকেট লাগবে না।
পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ দিয়ে দেড় বছর পর আন্তর্জাতিক ম্যাচে গ্যালারিতে দর্শক ফেরাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ধারণক্ষমতার ৫০ শতাংশ টিকিট ছাড়া হয়েছে।
পাকিস্তানের বিপক্ষে এরই মধ্যে প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এখন টেস্ট সিরিজ বাঁচিয়ে রাখতে দ্বিতীয় টেস্ট জিততেই হবে তাদের। চট্টগ্রাম টেস্টে না খেলা সাকিবকে পাচ্ছে টাইগাররা। তবে ফাস্ট বোলার তাসকিন আহমেদের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাসকিনকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও শনিবার (৪ ডিসেম্বর) পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে অভিষেক হতে পারে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জয়ী মাহমুদুল হাসান জয়ের।