ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশসহ বিশ্বের পাঁচটি দেশে গতকাল একযোগে একই দিনে মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত বছরের বহুল আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’।
মুক্তির প্রথম দিনে দর্শকের মাঝে প্রাণ সঞ্চার করেছে সিনেমাটি। অন্তর্জালে চোখ রাখলে সেই উচ্ছ্বাস দেখা যাচ্ছে। দেশের ৫০ সিনেমা হলে মুক্তি পাওয়া ‘মিশন এক্সট্রিম’ দেশের সবচেয়ে অত্যাধুনিক স্টার সিনেপ্লেক্সের চারটি শাখায় মুক্তি পেয়েছে।
সিনেমাটি রাজধানী ঢাকার মানুষ কেমন দেখছে, সেই আভাস আজ শনিবার দুপুরে এনটিভি অনলাইনকে দিয়েছেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ।
মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “আমাদের এখানে দুর্দান্তভাবে যাত্রা শুরু করেছে ‘মিশন এক্সট্রিম’। মুক্তির দিনে আমাদের প্রতিটি শাখায় সিনেমাটির প্রায় সব শো হাউসফুল ছিল। দর্শক পুরো সিনেমা দেখছে, প্রশংসা করছে। ধারণা করছি, আস্তে আস্তে দর্শক আরও বাড়বে।”
পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ‘মাসলম্যান’খ্যাত অভিনেতা আরিফিন শুভ। এ ছাড়া অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।
সানী সানোয়ারের সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার নিজেই।